সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় সংঘটিত দোকানে চুরি সংক্রান্ত ঘটনায় আন্তঃজেলা সংঘবদ্ধ চোর চক্রের ৭ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এসময় তাদের নিকট হতে চোরাইকৃত নগদ ৪,১৩০/- (চার হাজার একশত ত্রিশ) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, গত ২৮/০১/২০২৬ খ্রি. বিকাল অনুমান ০৪.০০ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীন গোয়াইপাড়া এলাকার চাষনীপীর মাজার রোডস্থ “সাফওয়ান স্টোর” নামীয় দোকানে সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা পরিকল্পিতভাবে প্রবেশ করে। এসময় মহিলা সদস্যরা বোরকা পরে ক্রেতা সেজে দোকানের ভেতরে অবস্থান নেয় এবং পুরুষ সদস্যরা বিভিন্ন মালামালের মূল্য নির্ধারণ ও পছন্দ করার ভান করে দোকান মালিককে ব্যস্ত রাখে। পরবর্তীতে তারা অত্যন্ত কৌশলে ক্যাশ বাক্স হতে নগদ ২,৩০,০০০/- (দুই লক্ষ ত্রিশ হাজার) টাকা এবং এমবি কার্ড ও মিনিট কার্ড বাবদ প্রায় ২০,০০০/- (বিশ হাজার) টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। সর্বমোট চুরি হওয়া মালামালের মূল্য ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
পরবর্তীতে একই সংঘবদ্ধ চক্র গত ২৯/০৪/২০২৬ খ্রি. সন্ধ্যা অনুমান ০৬.২৫ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীন মজুমদারী এলাকার “ইরাম জেনারেল স্টোর” নামীয় দোকানে একই কৌশলে প্রবেশ করে ব্যবসায়িক নগদ ৮৭,০০০/- (সাতাশি হাজার) টাকা চুরি করে নিয়ে যায়।
উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে ১। এয়ারপোর্ট থানার মামলা নং-১০, তারিখ-০৭/০৫/২০২৬খ্রি., ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড এবং ২। এয়ারপোর্ট থানার মামলা নং-১২, তারিখ-০৯/০৫/২০২৬খ্রি., ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড রুজু করা হলে উল্লেখিত ০২ টি মামলায় সংবাদের ভিত্তিতে আসামী ১। আকাশ ওরফে আপন(৩০), ২। ফকির আলী (৩১), ৩। সাদিকা বেগম (২১), ৪। ফাইজা বেগম (২৩), ৫। মোঃ নাহিদ সিকদার (২৪), ৬। রোকেয়া বেগম (৫০) ও ৭। শুভরাজ (২২) দের‘কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে চোরাইকৃত নগদ ৪,১৩০/- (চার হাজার একশত ত্রিশ) টাকা উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, উক্ত সংঘবদ্ধ চোর চক্র সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারসহ আশপাশের জেলার বিভিন্ন এলাকায় শপিংমল, সুপার শপ, বিপণিবিতান ও দোকানপাটে বোরকা পরে ক্রেতা সেজে প্রবেশ করে কৌশলে চুরি কার্যক্রম পরিচালনা করে আসছিল।
সিলেট এয়ারপোর্ট থানার পুলিশ অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার
কমেন্ট
