সিলেট নিউজ টাইমস্ ডেস্ক –
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের প্রভাব বিশ্ব বাণিজ্যে ব্যাপকভাবে পড়েছে। হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে বেড়েছে তেলের দাম, সেই প্রভাব সরাসরি পড়েছে বিভিন্ন দেশের মুদ্রায়। বিশেষ করে যারা তেল আমদানি করে চলে, তাদের ওপর।
কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, তেলের দাম বাড়ার কারণে ইন্দোনেশিয়ার মুদ্রা রেকর্ড সর্বনিম্ন অবস্থানে নেমেছে। এক মার্কিন ডলারের বিপরীতে দাম দাঁড়িয়েছে এখন ১৭ হাজার ৩১৫ রুপিয়াহতে। এটিই দেশটির মুদ্রার ইতিহাসে সর্বনিম্ন।
ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে এশিয়ার দেশগুলোর ওপর। বিশেষ করে যেসব দেশ জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল—যেমন ইন্দোনেশিয়া, ভারত, ফিলিপাইন ও থাইল্যান্ড। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা এবং দীর্ঘ সময় ধরে উচ্চ তেলের দাম এসব দেশের অর্থনীতিতে চাপ তৈরি করছে। বাংলাদেশেও এর ব্যাপক প্রভাব পড়েছে। তবে মুদ্রার হারে ততটা প্রভাব ফেলেনি।
বুধবার (২২ এপ্রিল) ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক ইন্দোনেশিয়া’ জানিয়েছে, তারা ‘অবমূল্যায়িত’ রুপিয়াহকে রক্ষা করতে সর্বাত্মক পদক্ষেপ নেবে। একই সঙ্গে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন অনুযায়ী নীতিমালায় পরিবর্তন আনার প্রস্তুতির কথাও জানিয়েছে সংস্থাটি।
ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রুপিয়াহর মান ৩ শতাংশের বেশি কমেছে। যা এ বছর এশিয়ার মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন পারফরম্যান্স ভারতের রুপির পরেই।
এদিকে ফিলিপাইনে বৃহস্পতিবার পেসোর মান ডলারের বিপরীতে ৬০.৫২৪-এ নেমে এসেছে। যা দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। একইভাবে থাইল্যান্ডের মুদ্রা বাতও দুর্বল হয়ে প্রতি ডলারে ৩২.৪৪-এ নেমেছে। যা ৮ এপ্রিলের পর সর্বনিম্ন।


