সিলেট নিউজ টাইমস্ ডেস্ক –
সুনামগঞ্জে পরিকল্পিত প্রতারণার শিকার হয়ে প্রায় ৭ লাখ টাকার ভিডিওগ্রাফি সরঞ্জাম হারিয়েছেন শ্রীমঙ্গলের চৌমঙ্গল ভিডিও ক্যামেরা সমিতির সদস্য জয়নাল আহমেদ।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, এরশাদ নামে এক ব্যক্তি কিছুদিন ধরে জয়নালের সঙ্গে যোগাযোগ করে সুনামগঞ্জে একটি অনুষ্ঠান ভিডিও ধারণের প্রস্তাব দেয়। প্রস্তাবে সম্মতি জানিয়ে জয়নাল ১৫ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে সুনামগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছান। সেখানে তাকে রিসিভ করে অভিযুক্ত এরশাদ।
পরে অনুষ্ঠানস্থলে নেওয়ার কথা বলে একটি সিএনজি অটোরিকশায় করে শহর থেকে প্রায় ২ কিলোমিটার দূরে কেয়া ঘাট পার হয়ে রংগারচর এলাকায় নিয়ে যাওয়া হয়। নির্জন স্থানে পৌঁছে জয়নালের সন্দেহ হলে তিনি বিষয়টি জানতে চাইলে এরশাদ আরও সামনে যাওয়ার কথা বলে।
একপর্যায়ে মুখে মাস্ক পরা এক যুবক লাইট হাতে এগিয়ে আসে। তখনই এরশাদ জয়নালের কলার চেপে ধরে এবং অপর যুবক ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেয়। প্রাণের ভয়ে জয়নাল তার সঙ্গে থাকা একটি Sony A7C ক্যামেরা বডি, তিনটি লেন্স, একটি আধুনিক গিম্বলসহ আনুমানিক ৭ লাখ টাকার সরঞ্জাম, মোবাইল ফোন ও মানিব্যাগ তুলে দেন।
ঘটনার খবর পেয়ে রাতেই শ্রীমঙ্গল থেকে ৬ সদস্যের একটি দল সুনামগঞ্জে পৌঁছায়। এসময় স্থানীয় ক্যামেরাম্যানরা জয়নালকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।
এ ঘটনায় জয়নাল আহমেদ বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ইতোমধ্যে প্রশাসনের সহায়তায় সুনামগঞ্জ ও সিলেটের ক্যামেরাম্যানদের যৌথ উদ্যোগে অভিযুক্ত এরশাদ ও তার সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। লুট হওয়া সরঞ্জাম উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


