সিলেটবাসীকে সাথে নিয়ে নতুন সিলেটের ডাক: মাহমুদুল হাসান

নির্বাচনী প্রচারণার শেষ দিনে সিলেট-১ আসনে হাতপাখা প্রতীকের পক্ষে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী, শান্তিপূর্ণ ও শক্তিশালী গণমিছিল “মার্চ ফর শরিয়া”। সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএল.বি)-এর নেতৃত্বে আয়োজিত এই মার্চে সিলেট সদর ও নগর এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

“সিলেট-১ মার্চ ফর শরিয়া” স্লোগানে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন আলেম-ওলামা, তরুণ-যুব সমাজ, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা। শান্তিপূর্ণ শৃঙ্খলার মধ্য দিয়ে আয়োজিত এই মার্চে শরিয়াভিত্তিক ন্যায়বিচার, সুশাসন, দুর্নীতিমুক্ত সমাজ ও নৈতিক রাজনীতির দাবিতে রাজপথ মুখরিত হয়ে ওঠে।

মার্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি রেজওয়ান রফিকি। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশ ও জাতির প্রকৃত মুক্তি ন্যায় ও ইনসাফভিত্তিক শাসনব্যবস্থার মধ্যেই নিহিত। শরিয়া মানে অন্যায় দমন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা। এই আন্দোলন কোনো ব্যক্তির নয়, এটি একটি আদর্শ ও মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রাম।”

মার্চে নেতৃত্ব দিতে গিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদুল হাসান বলেন, “এই জনসমুদ্র প্রমাণ করে—সিলেটের মানুষ পরিবর্তন চায়। শরিয়া মানে কেবল একটি ধর্মীয় শব্দ নয়; শরিয়া মানে ন্যায়, ইনসাফ, নিরাপত্তা ও মানবিক শাসনের পূর্ণাঙ্গ রূপরেখা। আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ সিলেট-১ হবে নৈতিক নেতৃত্ব ও সুশাসনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।”

তিনি আরও বলেন, “আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি। সিলেটবাসীর অধিকার, মর্যাদা ও ভবিষ্যৎ নিরাপদ করতেই এই সংগ্রাম। এই আন্দোলন হবে সাধারণ মানুষের ভাষার আন্দোলন।”

প্রচারণার শেষ দিনে অনুষ্ঠিত এই ‘মার্চ ফর শরিয়া’ সিলেট-১ আসনে হাতপাখা প্রতীকের পক্ষে শক্ত জনসমর্থন, সংগঠিত কর্মীবাহিনী ও আশাজাগানিয়া রাজনৈতিক অবস্থানের স্পষ্ট বার্তা দিয়েছে বলে মনে করছেন উপস্থিত নেতৃবৃন্দ ও রাজনৈতিক বিশ্লেষকরা। অনেকের মতে, এই মার্চ সিলেটের নির্বাচনী রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করেছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *