সিলেট-৫ আসনে জমিয়ত-বিএনপি জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, আমার জীবনে কোনো অভিলাষ নেই।জকিগঞ্জ-কানাইঘাটের কোনো দাবী নিয়ে আমার কাছে আসতে হবেনা। এই জনপদের প্রতিটি প্রয়োজন আমি আমার হাতের তালুর মতোই জ্ঞাত। আপনারা ভরসা করে নির্বাচিত করতে পারেন, ইনশাআল্লাহ আমার দ্বারা এই অঞ্চলের কোনো খেয়ানত হবে না।
তিনি শুক্রবার সন্ধ্যা ৭টায় কানাইঘাট উপজেলার রাজাগঞ্জবাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
সন্ধ্যার আগ থেকেই আশপাশের গ্রাম থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা বাজারে আসতে শুরু করেন। মিছিলে রাজাগঞ্জ ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বিএনপি নেতা সালেহ আহমদের সভাপতিত্বে এবং মাওলানা নজরুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট–৫ আসনের খেজুরগাছ প্রতীকের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক আরও বলেন, জনগণ যদি আমাকে খাদিম হিসেবে নির্বাচিত করেন তাহলে আমার দ্বারা আমানতের কোনো খেয়ানত হবে না, ইনশাআল্লাহ। ব্যক্তিগত জীবনে আমার কোনো অভিলাষ নেই উল্লেখ করে তিনি বলেন, জীবনে-মরণে মানুষের পাশে থেকে সুখ-দুঃখের সাথী হয়ে সেবা করবেন—ইনশাআল্লাহ।
সমবেত জনতার উদ্দেশ্যে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, আল্লাহ তাআলা আমানতের সঠিক ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। আমানতের খেয়ানত করলে তা শুধু ব্যক্তি বা দলের নয়, দেশ ও জুলাই বিপ্লবে রক্ত দেওয়া বীর শহীদদের সাথেও বিশ্বাসঘাতকতা হবে। তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের পাশাপাশি দেশে শান্তি ও সমৃদ্ধির পূর্ণতা অর্জিত হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় বিএনপি ও জমিয়তের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে কানাইঘাট–জকিগঞ্জে ন্যায়নীতি, উন্নয়ন ও আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


