সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: অর্থপাচার ও জালিয়াতির অভিযোগে ১০ বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে সিঙ্গাপুরের পুলিশ। এ ঘটনায় প্রায় ১০০ কোটি সিঙ্গাপুর ডলারের (৮ হাজার ৪৩ কোটি টাকা) সমতূল্য অর্থ, সম্পত্তি, বিলাসবহুল গাড়ি ও অন্যান্য সম্পদ জব্দ করা হয়েছে।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতার সবার বয়স ৩১ থেকে ৪৪ এর ভেতরে।
পুলিশ জানিয়েছে, তারা অবৈধ কার্যক্রমের প্রমাণ হিসেবে বিভিন্ন তথ্য পেয়েছে, যার মধ্যে ছিল জাল নথি। এই নথি ব্যবহার করে সিঙ্গাপুরের ব্যাংক অ্যাকাউন্টগুলোতে তহবিল নিয়ে আসা হয়।
মঙ্গলবার সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ) একই সঙ্গে রাজধানী সিঙ্গাপুর সিটির বিভিন্ন অংশে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের গ্রেফতার করে। বুধবার পুলিশের এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে। এ অভিযানকে দেশটির ইতিহাসে অর্থ পাচারবিরোধী সবচেয়ে বড় অভিযানগুলোর একটি বলা হচ্ছে।
সিঙ্গাপুরের তাংলিন, বুকিত তিমাহ, অরচার্ড রোড, সেন্তোসা ও রিভার ভ্যালি এলাকায় এসব অভিযান চালানো হয়। বিবৃতিতে পুলিশ আরও জানায়, এই ঝটিকা অভিযানে ৪০০ জনেরও বেশি কর্মকর্তা অংশ নেন। এর মধ্যে ছিল ফৌজদারি তদন্ত বিভাগ, বাণিজ্যিক কার্যক্রম বিভাগ (সিএডি), বিশেষ অভিযান কমান্ড বা রায়ট পুলিশ ও পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা।
এখন পর্যন্ত ৯৪টি সম্পত্তি ও ৫০টি গাড়ি জব্দ করা হয়েছে, যার মোট মূল্যমান ৮১ কোটি ৫০ লাখ সিঙ্গাপুর ডলার।
এছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট, নগদ অর্থ, বিলাসবহুল ব্যাগ, গহনা, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস ও কিছু ভার্চুয়াল সম্পদের বিবরণযুক্ত নথি জব্দ করা হয়েছে।
সিঙ্গাপুর পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে চীন, তুরস্ক, সাইপ্রাস, কম্বোডিয়া ও ভানুয়াতুর নাগরিক আছেন এবং তাদের বয়স ৩১ থেকে ৪৪ বছরের মধ্যে।
গ্রেফতারকৃতদের মধ্যে আছেন ৪০ বছর বয়সি এক সাইপ্রাস নাগরিক। তাকে বুকিত তিমাহর ইওয়ার্ট পার্কের এক বাংলো থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তার শয়নকক্ষের বাইরে এসে দরজা খোলার নির্দেশ দিলে তিনি দরজা না খুলে তৃতীয়তলার বারান্দা থেকে ঝাঁপ দেন। পরবর্তীতে তিনি একটি নর্দমায় লুকিয়ে থাকেন। আহত অবস্থায় তাকে আটক করে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ মতে, তার কাছে চীন ও কম্বোডিয়ার পাসপোর্টও ছিল।


