নিউজ ডেস্ক:: স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য একই বেতনভাতা, সুবিধাদি নির্ধারণ করা হবে। একই সঙ্গে ফৌজদারি অপরাধে অভিযুক্ত কর্মচারীর ব্যবস্থাদি, ফৌজদারি মামলায় দণ্ডিত কর্মচারীর ক্ষেত্রে ব্যবস্থাদি এবং অবসর সুবিধার ক্ষেত্রে সমান সুবিধা দেওয়ার বিধান রেখে ‘সরকারি চাকরি (সংশোধন) বিল, ২০২৩’ সংসদে উত্থাপন করা হয়েছে।
মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিলটি উত্থাপন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। কমিটিকে বিলটি পরীক্ষা-নিরীক্ষা শেষে আগামী ৩০ দিনের মধ্যে সংসদে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিলের সংশোধনীতে বিদ্যমান আইনের ধারা ১-এর (গ) উপধারার (৪)-এর পর নিম্নরূপ নতুন উপধারা (৪ক) সন্নিবেশিত হয়। এতে বলা হয়, ‘৪(ক) উপধারা (৪)-এর উদ্দেশ্য পূরণকল্পে এই আইনের ধারা ১৫, ৪১, ৪২, ৪৩, ৪৪ ও ৪৫-এর বিধানসমূহ স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মচারীগণের জন্য প্রযোজ্য হইবে।’
এছাড়া বিলে বিদ্যমান আইনের ৪৮ ও ৫০ ধারায় সংখ্যাগত পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত আইনের যেসব ধারায় সংশোধন আনা হয়েছে, এর মধ্যে ১৫ ধারায় বেতনভাতা ও সুবিধাদি নির্ধারণ, ৪১ ধারায় ফৌজদারি অপরাধে অভিযুক্ত কর্মচারীর ব্যবস্থাদি, ৪২ ধারায় ফৌজদারি মামলায় দণ্ডিত কর্মচারীর ক্ষেত্রে ব্যবস্থা, ৪৪ ধারায় ঐচ্ছিক অবসর গ্রহণ, ৪৫ ধারায় সরকার কর্তৃক অবসর প্রদান, ৫০ ধারায় অবসর সুবিধা ইত্যাদি বিষয়ে বিবরণ রয়েছে।
জলবায়ু ঘাতসহিষ্ণু ১০টি শস্যের জাত উদ্ভাবন : জলবায়ুসহিষ্ণু শস্য উদ্ভাবনে কৃষি গবেষণা প্রতিষ্ঠান বিভিন্ন জাত ও প্রযুক্তির গবেষণা করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। মঙ্গলবার জাতীয় সংসদে তিনি আরও বলেন, সম্প্রতি ১০টি শস্যের জলবায়ু ঘাতসহিষ্ণু জাত উদ্ভাবিত হয়েছে।
আওয়ামী লীগের সংসদ সদস্য মোরশেদ আলমের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জলবায়ুসহিষ্ণু শস্য উদ্ভাবনে কৃষি গবেষণা প্রতিষ্ঠান বিভিন্ন জাত ও প্রযুক্তির গবেষণা কার্যক্রম পরিচলনা করছে। সম্প্রতি ৩টি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ১০টি জলবায়ু ঘাতসহিষ্ণু জাত উদ্ভাবিত হয়েছে। এ কার্যক্রম ভবিষ্যতেও থাকবে।


