মমতার কথায়‘অনুপ্রাণিত’ হয়ে চপ-বেগুনি ভাজলেন বিজেপি বিধায়ক

আন্তর্জাতিক ডেস্ক::  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ‘অনুপ্রাণিত হয়ে রাস্তায় বসে চপ-বেগুনি বিক্রি করেছেন বিজেপির এক বিধায়ক। এ নিয়ে তৃণমূলের শুভেচ্ছাও পেয়েছেন তিনি।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কথামতো’ই রাস্তায় বসে এসব বিক্রি করেছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রীশেখর দানা। চপ-বেগুনি ভাজতে ভাজতেই নিলাদ্রী বলছেন, ‘লোভ সামলাতে না পেরেই চপ ভাজতে বসে পড়লাম।’

সম্প্রতি দলের বাঁকুড়া সাংগঠনিক জেলার নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতিকে পছন্দ না হওয়ায় বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন নিলাদ্রী। এ নিয়ে আলোচনার মধ্যেই শনিবার সকালে নিজের বাঁকুড়া শহরের কানকাটা এলাকায় একটি চপের দোকানে গিয়ে নিজের হাতে চপ ও বেগুনি ভাজলেন বিধায়ক।

পরে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে চপ শিল্পের কথা বলেছিলেন। অনুপ্রাণিত হয়ে এখন চপ, বেগুনির দোকান দেখলেই লোভ সামলাতে না পেরে চপ ভাজতে বসে যাই। আমি কাজপাগল মানুষ। ঘরে বসে থাকা আমার পক্ষে কষ্টকর। অসুস্থ থাকায় দু’দিন বাড়িতে ছিলাম। আজ বাড়ি থেকে বেরিয়ে পাড়ার দোকানে বসে চপ ভাজলাম।’

এর জন্য বাঁকুড়ার বিজেপি বিধায়ককে অভিনন্দনও জানিয়েছেন তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর কথা অন্তর থেকে নিয়েছেন বিজেপির ওই বিধায়ক। এরপর তার দল তাকে কী বলবে জানি না, তবে আমি তাকে এই কাজের জন্য অভিনন্দন জানাব।’

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *