ভোলার লালমোহনে কলেজছাত্র নয়নকে কুপিয়ে হত্যা, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের

মোঃ সুজন প্রতিনিধি –

ভোলার লালমোহন উপজেলায় মো. নয়ন (১৯) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর আব্দুল্লাহ আল মানিক (১৮) নামে এক যুবক লালমোহন থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর রোড এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নয়ন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ট্রান্সপোর্ট ব্যবসায়ী মো. সালাউদ্দিনের ছেলে। তিনি ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, ঘটনার পর আব্দুল্লাহ আল মানিক (১৮) নামে এক যুবক থানায় এসে আত্মসমর্পণ করেন। তিনি লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আলাউদ্দিন মিয়ার ছেলে এবং লাঙ্গলখালী আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। আত্মসমর্পণের পর তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”
পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি পুলিশ। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *