রহমান মাহমুদ প্যারিস ফ্রান্স থেকে –
সিলেট বিভাগীয় প্রবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সে নেতৃত্ব সংকট ঘিরে নতুন মোড় সৃষ্টি হয়েছে। আহ্বায়ক কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় আহ্বায়ক আলতাফুর রহমানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে বলে জানিয়েছে কমিটির একাংশ।
গত রবিবার প্যারিসের লা-কুর্নভ এলাকার মাদু রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় আহ্বায়ক কমিটির প্রথম সিনিয়র সদস্য লুলু আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ আলী হোসেনের পরিচালনায় বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় আহ্বায়ক কমিটির মোট ১১ সদস্যের মধ্যে ৮ জন উপস্থিত ছিলেন বলে জানানো হয়। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আলতাফুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব গ্রহণ করা হয়েছে বলে দাবি করা হয়।
সভায় অভিযোগ করা হয়, আহ্বায়ক আলতাফুর রহমান সংগঠনের কার্যক্রম পরিচালনায় সমন্বয়হীনতা, স্বেচ্ছাচারিতা, সদস্য সচিবের সঙ্গে অসদাচরণ, রাজনৈতিক প্রভাব বিস্তার এবং আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা ছাড়া এককভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন।
বৈঠক শেষে আহ্বায়ক কমিটির প্রথম সিনিয়র সদস্য লুলু আহমেদকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। একই সঙ্গে আলতাফুর রহমানকে স্থায়ীভাবে দায়িত্ব থেকে অব্যাহতির সুপারিশ করে কেন্দ্রীয় জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।
এদিকে সংগঠনের অভ্যন্তরীণ এই সিদ্ধান্তকে ঘিরে ফ্রান্সের সিলেটি প্রবাসীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিনের সাংগঠনিক টানাপোড়েনের পর এই পরিবর্তন সংগঠনকে নতুন পথে নিয়ে যাবে কি না— তা নিয়েও চলছে নানা আলোচনা।
এছাড়া সভায় অভিযোগ করা হয়, আহ্বায়ক কমিটি গঠনের চার মাস অতিবাহিত হলেও আহ্বায়ক আলতাফুর রহমান একটি কার্যকর সভাও আহ্বান করতে ব্যর্থ হয়েছেন। এতে সাংগঠনিক কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে বলে দাবি করা হয়। আরও অভিযোগ করা হয়, তিনি গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ও লন্ডনভিত্তিক এক নেতার সঙ্গে যোগাযোগ রেখে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।


