ব্রাজিল ও জাপানের মধ্যে সোমবার হিউস্টনে বিশ্বকাপের দ্বিতীয় পর্বের ম্যাচের আগে এক অপ্রত্যাশিত বিতর্কের জন্ম হয়েছে। নেইমার ও ব্রাজিল দলকে নিয়ে কিছু মন্তব্য করার পর জাপানি স্ট্রাইকার কেন্তো শিওগাই সোশ্যাল মিডিয়ায় বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন।
জাপান দলের অনুশীলনের পর সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন শিওগাই। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়, ব্রাজিলের কথা ভাবলে প্রথমে কী মাথায় আসে। শিওগাই সঙ্গে সঙ্গে বলেন, ‘নেইমার। ব্রাজিল আগে অনেক শক্তিশালী ছিল। কিন্তু এখন? আমার কাছে ফ্রান্স শক্তিশালী মনে হয়। আর্জেন্টিনাও। ব্রাজিল সম্পর্কে তেমন কিছু শুনছি না ইদানীং।’
নেইমার সম্পর্কে জিজ্ঞেস করা হয় কারণ জাপানের বিপক্ষে ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারীর গোলের দীর্ঘ ইতিহাস আছে। জবাবে শিওগাই বলেন, ‘ওটা তো পুরনো নেইমার। আমার মনে হয় আমরা এখন ভালো আছি।’
ফুটবল চ্যানেল, গেকিসাকা ও সকার ডাইজেস্টসহ বেশ কিছু জাপানি মিডিয়া এই সাক্ষাৎকার প্রকাশ করে। তবে কিছু প্রকাশনায় শিওগাইয়ের কথাগুলো মূল ভাষার চেয়ে আরও কড়া ভাষায় উপস্থাপন করা হয়।
এরপরই ব্রাজিলিয়ান সমর্থকরা শিওগাইয়ের ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিড় করতে শুরু করেন। তার সর্বশেষ পোস্টে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ১৮ হাজারেরও বেশি মন্তব্য পড়েছে। এর বেশিরভাগই জাপানি ভাষা, সংস্কৃতি ও অভ্যাসকে বিদ্রুপ করে এশীয়দের প্রতি বর্ণবাদী মন্তব্য।
তবে শিওগাই সরাসরি ব্রাজিলকে দুর্বল বলেননি। একই আলোচনায় তিনি ব্রাজিলের মানও স্বীকার করেছেন। তিনি বলেন, ‘ব্রাজিল এখনো শক্তিশালী। আমরা যদি জিততে পারি, তাহলে আরও বেশি গতি পাব।’
২০০৫ সালে জন্ম নেওয়া তরুণ এই জাপানি স্ট্রাইকার ইউরোপে আসার আগে কেইও বিশ্ববিদ্যালয় ও ইওকোহামা এফ মারিনোসের হয়ে খেলেছেন। গতি, তীব্রতা এবং ম্যাচের ছন্দ বদলে দেওয়ার ক্ষমতার জন্য তিনি পরিচিত। বিকল্প খেলোয়াড় হিসেবে বিশেষভাবে কার্যকর শিওগাই এখন জাপান জাতীয় দলের আক্রমণভাগের একটি গুরুত্বপূর্ণ অংশ।


