মোহাম্মদ হোসাইন-প্রতিনিধি-
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বিজিবির অভিযানে যাত্রীবাহী সিএনজির গোপন চেম্বার থেকে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে সিএনজি চালক সৈয়দ হোসেন (৩৩) কে আটক করা হয়েছে।
রোববার (৭ জুন) দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের রেজুখাল চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সদস্যরা একটি যাত্রীবাহী সিএনজিকে থামিয়ে তল্লাশি চালান। এ সময় গাড়িটির ভেতরে বিশেষভাবে তৈরি করা গোপন চেম্বারে লুকিয়ে রাখা ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মাদক পাচারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে সিএনজির ভেতরে অভিনব কৌশলে গোপন চেম্বার তৈরি করে ইয়াবা পরিবহন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদকসহ চালককে হাতেনাতে আটক করা হয়।
আটক সৈয়দ হোসেন উখিয়া উপজেলার জালিয়াপালং এলাকার বাসিন্দা। অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।


