আদ্-দ্বীন হাসপাতালের অবহেলা স্পষ্ট: স্বাস্থ্যমন্ত্রী

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক –

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত প্রতিবেদনে হাসপাতালের অবহেলা স্পষ্ট হয়েছে। বন্ধ কক্ষে অক্সিজেন কম থাকায় প্রাণহানির বিষয়টি ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

এরআগে বুধবার (৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর কাছে জমা দিয়েছে। এ ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর গঠিত কমিটি বৃহস্পতিবার (৪ জুন) তাদের প্রতিদেবন জমা দেবে। এদিন বিকাল ৪টায় স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমের সামনে কথা বলবেন।

এর আগে গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনার কারণ অনুসন্ধানের জন্য পৃথকভাবে ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়।

ঘটনার পরপরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকেও পৃথকভাবে ৩ সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এছাড়াও আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ অভ্যন্তরীণ কোনো ত্রুটি বা অবহেলা ছিল কিনা, তা খতিয়ে দেখতে হাসপাতালটির নিজস্ব একটি তদন্ত কমিটি গঠন করে। তারা ইতোমধ্যেই তাদের তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *