ওসমানীনগর প্রতিনিধি-
সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনিচর গ্রামের বাসিন্দা নিহত মোঃ খালিদ মিয়ার হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হকের মার্কেটে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিহত খালিদ মিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা খালিদ মিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, ঘটনার এক বছর অতিবাহিত হলেও পরিবার এখনও প্রিয়জন হারানোর শোক ও বেদনা বহন করছে। দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে নিহতের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মধ্যবর্তী উত্তর কালনীরচর গ্রামে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত এক সংঘর্ষে খালিদ মিয়া (৩৮) নিহত হন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার ঘটনাও ঘটে। ঘটনার পর দায়ের হওয়া মামলার বিচারিক কার্যক্রম বর্তমানে আদালতে চলমান রয়েছে। নিহতের স্বজন ও এলাকাবাসী মামলার দ্রুত নিষ্পত্তি এবং ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করেছেন।


