‘ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই’-এই দাবী প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে ‘সংগঠনের অতীত ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) বিকেলে নগরীর বন্দরবাজারস্থ ব্রহ্মময়ী মন্দিরের সম্মেলনকক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে এবং সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দীর্ঘ ৩৮ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমঅধিকার ও সমমর্যাদার যে উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, তা আজও পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। তাই এদেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ঐক্য পরিষদের এই যাত্রাকে আরো বেগবান করতে হবে। সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ঐক্য পরিষদ জেলার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. বিজয় কৃষ্ণ বিশ্বাস এর সভাপতিত্বে এবং ঐক্য পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ। বক্তব্য রাখেন ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাড. মৃত্যঞ্জয় ধর ভোলা, পুজা উদযাপন পরিষদ জাতীয় পরষদের সদস্য সুব্রত দেব, ঐক্য পরিষদের মহানগর সহ-সভাপতি ব্রিটেরিয়ান চেয়ারম্যান ডিকন নিঝুম সাংমা, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধ গোপীকা শ্যাম পুরকায়স্থ, ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ পাল, বাংলাদেশ পুজা উদযাপন জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. রঞ্জন ঘোষ, ঐক্য পরিষদ নেতা বীর মুক্তিযোদ্ধ বিধান কুমার দাস প্রমুখ। এছাড়া ঐক্য পরিষদ, পুজা উদযাপন পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


