ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক –

দুর্নীতির মামলায় ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ৫ জুলাই দিন ধার্য করা হয়েছে।

সোমবার (১১ মে) ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক শামীমা আফরোজ নতুন তারিখ ধার্য করেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল। তবে মতিউরের পক্ষে তার আইনজীবী শুনানি পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেন। আদালত ওই আবেদন মঞ্জুর করেন।

দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেন।

মতিউর রহমানের মামলায় বলা হয়েছে, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে সংস্থাটির ঢাকা জেলা সমন্বিত কার্যালয়-১-এ মামলা দায়ের করেন। মামলায় ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। এ ছাড়া আসামি অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন বলে এজাহারে উল্লেখ করা হয়। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ও ২৬(২) ধারায় অভিযোগ আনা হয়।

২০২৪ সালের ঈদুল আজহায় আলোচিত ছিল সাদিক অ্যাগ্রোর একটি ছাগল। ১৫ লাখ টাকার কেনা সেই ছাগলের জন্য বেরিয়ে এসেছিল নানা কেলেঙ্কারির কথা। দেশজুড়ে, শুরু হয়েছিল সমালোচনা। ওই বছর কোরবানির ঈদে ইমরানের সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় (প্রাথমিক দর) ‘উচ্চবংশীয়’ ছাগল কিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন তৎকালীন এনবিআর সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত। এ ঘটনায় মতিউর রহমান ও তার পরিবারের দুর্নীতির চিত্র সামনে চলে আসে। পরে গ্রেপ্তার হন মতিউর। বর্তমানে তিনি কারাগারে আছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *