বিজেপির পরিকল্পনা ফাঁস করলেন মমতা, ফল মানবেন সূর্যাস্তের পর

আন্তর্জাতিক ডেস্ক –

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দুপুর পর্যন্ত গণনা হওয়া ভোটে পিছিয়ে আছেন মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। তবে তিনি এটিকে বিজেপির পরিকল্পনা বলে যুক্তি দেখিয়েছেন। একই সঙ্গে শেষ সময় পর্যন্ত ফলের জন্য অপেক্ষা করার কথা বলেছেন।

সোমবার (৪ মে) তৃণমূল কংগ্রেসের নেত্রী বলেছেন, ‘প্রথম থেকেই বলছি ওদেরগুলো (বিজেপি) আগে দেখাবে। পরে আমাদের (তৃণমূলের) জেতা আসনগুলো দেখাবে।’

পশ্চিমবঙ্গে বিজেপির তুলনায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকলেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বেলা সাড়ে বারোটার সময় জানিয়েছেন, তিনি বা তার দল পরাজয় মেনে নিতে এখনও প্রস্তুত নন।

ভিডিও বার্তায় মমতা বলেছেন, কাউন্টিং এজেন্টরা কেউ গণনাকেন্দ্র থেকে সরে আসবেন না। তৃণমূল কংগ্রেস এখনো ৭০ থেকে ১০০ আসনে এগিয়ে আছে, যেগুলো দেখাচ্ছে না।

নির্বাচনি ফলাফলের নামে ‘পুরোটাই মিথ্যে জিনিস খাওয়াচ্ছে’ বলেও তিনি দাবি করেন। নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ‘ইচ্ছেমতো খেলছে’ বলেও তিনি মন্তব্য করেন।

তৃণমূল কংগ্রেসের নেত্রী আরো বলেন, ‘সূর্যাস্তের পর’ তৃণমূল ঠিকই জিতবে। দলের নেতা-কর্মী ও গণনাকেন্দ্রে যে এজেন্টরা আছেন তাদের ‘বাঘের বাচ্চার মতো লড়ে যেতে’ও আহ্বান জানান তিনি।

তবে দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নির্বাচনে বেলা সাড়ে ২টা পর্যন্ত গণনা করা ভোটের অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে আছে ১৯৩ আসনে। ক্ষমতাসীন দল তৃণমূল ৯৫ আসনে এগিয়ে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *