পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল আনা হয়েছে

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক –
 

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শক বা অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তাসহ মোট ২৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিনজন উপকমিশনারকে অভ্যন্তরীণভাবে স্থানান্তর করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিনটি পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ বদলি ও নতুন কর্মস্থলে পদায়নের আদেশ দেওয়া হয়। প্রশাসনের নিয়মিত কাজের অংশ হিসেবেই এ রদবদল করা হয়েছে বলে জানা গেছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ টেলিকমের ডিআইজি এবং সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিমকে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ডিআইজি পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে পুলিশ অধিদপ্তরের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট হিসেবে পাঠানো হয়েছে। আবার টাঙ্গাইল পিটিসির বর্তমান কমান্ড্যান্ট মোহাম্মদ আশফাকুল আলমকে পুলিশ অধিদপ্তরে ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

রংপুর মহানগর পুলিশের কমিশনার মো. মজিদ আলীকে অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির ডিআইজি করা হয়েছে। তার স্থলে রংপুর মহানগর পুলিশের কমিশনারের দায়িত্ব পেয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ। এছাড়া পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে হাইওয়ে পুলিশের ডিআইজি, পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এবং পুলিশ একাডেমি সারদায় বদলির আদেশপ্রাপ্ত ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ অধিদপ্তরে ডিআইজি হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

১৩ জন পুলিশ সুপার বা এসপি পদমর্যাদার কর্মকর্তাকেও নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। এ বদলির গুরুত্বপূর্ণ অংশজুড়ে রয়েছে সিলেট মহানগর পুলিশ।

সেখানে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, বিশেষ শাখার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিবিআইয়ের পুলিশ সুপার মো. আকতার হোসেন এবং এপিবিএনের পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকে বদলি করা হয়েছে। এছাড়া পুলিশ একাডেমি সারদার পুলিশ সুপার এলিজা শারমীনকে এপিবিএনে এবং রাজশাহীর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়াকে পুলিশের বিশেষ শাখায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

তালিকায় থাকা অন্যান্য পুলিশ সুপারদের মধ্যে পুলিশ অধিদপ্তরের এআইজি মাহফুজা আক্তারকে পুলিশ টেলিকমে, একই দপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইতে এবং পুলিশ টেলিকমের মোহাম্মদ মোর্শেদ আলমকে রংপুর মহানগর পুলিশে বদলি করা হয়েছে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেনকে পিবিআইয়ের এসপি এবং ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে কিশোরগঞ্জের নতুন পুলিশ সুপার করা হয়েছে। পাশাপাশি রংপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ট্যুরিস্ট পুলিশে এবং এপিবিএনের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেলকে রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ প্রজ্ঞাপনের পাশাপাশি ডিএমপি কমিশনারের কার্যালয় থেকেও পৃথক একটি চিঠির মাধ্যমে ঢাকা মহানগর পুলিশের তিনজন উপকমিশনারের অভ্যন্তরীণ রদবদল নিশ্চিত করা হয়েছে।

ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, পিওএম দক্ষিণ বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাহমুদুল কবীরকে সচিবালয় নিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে। এইচআরডি বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাসুদ রানাকে ট্রাফিক গুলশান বিভাগে এবং ট্রাফিক অ্যাডমিন বিভাগের উপকমিশনার মোছা. লিজা বেগমকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *