সিলেটে ভোজ্যতেল সিন্ডিকেটের প্রতিবাদে ক্যাব-এর মানববন্ধন

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেল উধাও এবং কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সিলেট বিভাগীয় জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কনজ্যুমারস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সিলেট বিভাগীয় জেলা কমিটির সহ-সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ, কোষাধ্যক্ষ সাংবাদিক ছিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক সাংবাদিক মো: দুলাল হোসেন, নির্বাহী সদস্য ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, গণদাবী ফোরাম সদস্য রিয়াজ উদ্দিন আহমদ, এডভোকেট নেপাল চন্দ্র চন্দ, প্রীতেশ চক্রবর্তী, আনোয়ার চৌধুরী, আবু সাঈদ, তামিম আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য ভোজ্যতেল নিয়ে একদল অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে জনগণের পকেট কাটতে মরিয়া হয়ে উঠেছে। এই সিন্ডিকেটের কারণে নির্ধারিত দামে তেল পাওয়া যাচ্ছে না, যা সাধারণ ভোক্তাদের জন্য অসহনীয় হয়ে দাঁড়িয়েছে। বক্তারা অবিলম্বে বাজার মনিটরিং জোরদার করা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এতে জোরালো দাবি উঠে আসে তা হলো-ভোজ্যতেল নিয়ে গড়ে ওঠা অসাধু সিন্ডিকেট অবিলম্বে বন্ধ করা, নির্ধারিত দামে ও ন্যায্যমূল্যে তেল বিক্রয় নিশ্চিত করা, লিটারে অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ করা, নন-ফুড গ্রেড ড্রামে সয়াবিন তেল বিক্রি বন্ধ করে ফুড গ্রেড নিশ্চিত করা, ভোক্তাদের সাথে প্রতারণা বন্ধ এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা।
ক্যাব সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ ভোক্তারা এই প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *