সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে দুর্ঘটনাকবলিত ট্রেন থেকে ১ হাজার লিটার ডিজেল সংরক্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর পর্যন্ত ট্রেনটি থেকে হবিগঞ্জ-৫৫ বিজিবি এসব তেল সংরক্ষণ করে। বুধবার রাত থেকে এ সংরক্ষণ কাজ শুরু হয়।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান এ বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবির উদ্ধারকারী দল নিজস্ব উদ্যোগে ড্রাম ও জারকিন সংগ্রহ করে প্রায় ১ হাজার লিটার ডিজেল সংরক্ষণ করেছে। এ উদ্যোগের ফলে সরকারি সম্পদের অপচয় রোধের পাশাপাশি দুর্ঘটনাস্থলে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখাও সম্ভব হয়েছে।
উল্লেখ্য, হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলায় সিলেটগামী ৯৫১ নম্বর তেলবাহী ট্রেনের পাঁচটি অয়েল ট্যাংকার ওয়াগনসহ ৬টি বগি লাইনচ্যুত হয়। বুধবার রাত সাড়ে ৯টার দিকে মনতলা রেলস্টেশনের অদূরে একটি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত ৬টি বগির মধ্যে একটি রেললাইনের পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনার পর দুটি ওয়াগন থেকে তেল বের হতে শুরু করলে স্থানীয়রা তা সংগ্রহ করতে থাকেন। এতে ঘটনাস্থলে ভিড়ের সৃষ্টি হয়।
রাত সোয়া ২টায় আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। রেলওয়ের পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজে সহায়তা করছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রেনটির বিভিন্ন বগি থেকে তেল সংগ্রহ করে নিজেদের বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ, সরকারি সম্পদ সুরক্ষা এবং উদ্ধার তৎপরতা চালায়। তারা তেল লুটপাটের অপচেষ্টা প্রতিরোধ করে এবং সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করে। পরবর্তীতে ঘটনাস্থলে এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়।


