সিলেটে শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা শুরু হচ্ছে ৫ এপ্রিল

সিলেটে শুরু হতে যাচ্ছে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার এক ব্যতিক্রমধর্মী আয়োজন “শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা ২০২৬”। বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী সৃজনশীল সাহিত্য সংগঠন কমল সাহিত্য পরিষদ সিলেট-এর উদ্যোগে আগামী ৫ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে ১১ দিনব্যাপী এ গ্রন্থমেলা অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, আধুনিক বাংলাদেশের স্থপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বীর উত্তমের জীবন ও কর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই দ্বিতীয়বারের মতো এ মেলার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশী জাতীয়তাবাদের চেতনা ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়ারও একটি প্রয়াস এটি।

মেলাটি শুধুমাত্র বই বিক্রয় বা প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি নতুন প্রজন্মের মধ্যে সাহিত্যচর্চা, সংস্কৃতি বিকাশ ও সৃজনশীলতা প্রসারের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এ উপলক্ষে ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন, আবৃত্তি, সাধারণ জ্ঞান ও রচনা প্রতিযোগিতা। পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, মঞ্চ নাটক, পুরস্কার বিতরণী, ফ্রি মেডিকেল ক্যাম্প, ব্লাড ক্যাম্পেইন, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা। এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ বর্ষবরণ আয়োজনসহ নানা জনকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে।

মেলার উদ্বোধন হবে ৫ এপ্রিল রবিবার বিকেল ৪টায়, আর একইদিন সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পরবর্তী দিনগুলোতে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রতিযোগিতা ও সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৬ এপ্রিল সাধারণ জ্ঞান প্রতিযোগিতা , ৭ এপ্রিল বৃক্ষরোপণ কর্মসূচী, ৮ রচনা প্রতিযোগিতা  ৯ এপ্রিল আবৃত্তি  প্রতিযোগিতা ১০ এপ্রিল চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আরো রয়েছে ১১ এপ্রিল ব্লাড ক্যাম্পেইন। ১২ এপ্রিল ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ অনুষ্ঠান এবং ১৫ এপ্রিল বিকেল ৪টায় সমাপনী ও পুরস্কার বিতরণীর মাধ্যমে মেলার পরিসমাপ্তি ঘটবে।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই গ্রন্থমেলা সিলেটসহ দেশের সাহিত্যপ্রেমী মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলবে এবং নতুন প্রজন্মকে বইমুখী ও সৃজনশীল কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *