মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হোন: বাসদ 

মহান স্বাধীনতা দিবসের ৫৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। অদ্য ২৬ মার্চ সকাল ১০টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে জমায়েত শেষে মিছিল সহকারে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে চৌহাট্টা পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সভাপতি শহীদ আহমদ,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহ সভাপতি জহর কুমার শিং, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ, সংগ্রাম পরিষদের সীমান্ত চন্দ্র রায়, আনোয়ার হোসেন,রণি আহমদ, প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, শোষণ আর বৈষম্যের বিরুদ্ধে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের লক্ষ্যে স্বাধীনতাকামী জনগণ দীর্ঘ ৯ মাসের মুক্তির জনযুদ্ধে দেশ স্বাধীন করেছে। অথচ গত ৫৫ বছরে মুক্তিযুদ্ধের সেই ঘোষণা অঙ্গীকার আজও বাস্তবায়িত হয়নি। বক্তারা বলেন,১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার-আলবদর আল শামস এর বিরুদ্ধে মুক্তিকামী জনতার দীর্ঘ ৯ মাসের মুক্তির জনযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পুঁজিবাদী মুক্তবাজারী অর্থনীতিতে দেশ পরিচালনার ফলে সাম্যের পরিবর্তে বৈষম্য আজ আকাশ চুম্বি, মানবিক মর্যাদা ভুলুণ্ঠিত ও সামাজিক ন্যায় বিচারের বাণী নিরবে কাঁদে।

বক্তারা ’৭১ এর গণহত্যাকারীদের সকলের বিচার সম্পন্ন করে মুক্তিযুদ্ধের নৈতিকতা ও যৌক্তিকতা প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *