বুধবার (২৫ মার্চ) তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ আদেশ দেন। কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে গ্রেফতারের আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত আসামিপক্ষের জামিন আবেদন নাকচ করে তরিকুল ইসলাম তারেককে গ্রেফতার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলায় বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর-১০ নম্বর এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা এবং গুলি চালায়।
অভিযোগে আরও বলা হয়, ১৯ জুলাই শাহ আলী প্লাজা সংলগ্ন এলাকায় মামলার বাদী বশির উদ্দিন যখন হাঁটছিলেন, তখন আসামিরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে আন্দোলনকারীদের দিকে গুলি চালায়। এতে বশির উদ্দিন পেটের ডান পাশে গুলিবিদ্ধ হন এবং পিঠ দিয়ে বের হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত বছরের ১০ অক্টোবর বাদী কাফরুল থানায় মামলা দায়ের করেন।
আবেদনে আরও বলা হয়, তরিকুল ইসলাম তারেক পূর্বে কাফরুল থানায় এক সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে ছিলেন। মামলাটি স্পর্শকাতর এবং চাঞ্চল্যকর হওয়ায় সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের স্বার্থে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা রয়েছে।


