খেলাধুলা ডেস্ক : গোলাপগঞ্জ উপজেলার অন্যতম জনপ্রিয় ক্রিকেট আসর ‘মর্নিং ক্রিকেট লীগ’ ২০২৫-২৬ (সিজন-৯) এর জমকালো ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ব্যাটে-বলের তুমুল লড়াই শেষে এইচ কে এস এন্টারপ্রাইজকে পরাজিত করে প্রথমবার অংশগ্রহণেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে একঝাঁক তারকা সমৃদ্ধ দল ‘আরহাম ফাইটার্স’।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে (দত্তরাইল) এই শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হয়।
বারকোটের উদীয়মান দল ‘আরহাম ফাইটার্স’ এবারই প্রথম এই লীগে নাম লেখায়। শুরু থেকেই টিম ম্যানেজমেন্টের সঠিক পরিকল্পনা এবং খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্যে তারা টুর্নামেন্টে আধিপত্য বিস্তার করে। ফাইনালে শক্তিশালী এইচ কে এস এন্টারপ্রাইজের বিপক্ষে পরিকল্পিত জয় ছিনিয়ে নেয় দলটি।
দলের এই অভাবনীয় সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সংশ্লিষ্টরা। দলের টিম ম্যানেজার শাহরিয়ার রহমান ইমন বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করলেও সেখান থেকেই দলকে অর্থনৈতিক ও মানসিকভাবে সর্বাত্মক সাপোর্ট দিয়ে যাচ্ছেন।
ক্যাপ্টেন স্বপন তার বিচক্ষণ অধিনায়কত্ব দিয়ে পুরো দলকে আগলে রেখে ফাইনালে নিয়ে যান এবং শিরোপা নিশ্চিত করেন।
দলের আইকন খেলোয়াড় হিসেবে মাঠ মাতিয়েছেন সাঈদ। এছাড়া আরহাম ফাইটার্সের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ইয়াহিয়া, রিফাত, শরীফ, নাছিম, মুহিদ, মোহন, আরিয়ান, লাবিব, তামিম ও সাব্বির।
গোলাপগঞ্জের ক্রীড়া প্রেমীদের উপস্থিতিতে মুখরিত এই ফাইনাল ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। তরুণদের মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতে এ ধরনের ক্রিকেট আসর বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়া সংগঠকরা। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি


