দেশ পুনর্গঠনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান: তারেক রহমানের

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন কেবল জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, এটি দেশ পুনর্গঠনের লড়াই। এ মহাযজ্ঞ আমাদের একার পক্ষে সম্ভব নয়; আপনাদের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা প্রয়োজন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জিলা স্কুল বড় মাঠে জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমরা অনেক আন্দোলন-সংগ্রাম করেছি। এখন সময় দেশকে এগিয়ে নেওয়ার। জনগণকে নিয়েই আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে চাই। কারণ, দেশের প্রকৃত মালিক জনগণ।

বিগত সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, গত এক যুগ মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না। স্বৈরাচারী শাসনের কারণে যুবকদের কর্মসংস্থান হয়নি, কৃষকরাও তাদের অধিকার পাননি।

বিএনপি ক্ষমতায় গেলে কী কী করবে, তার একটি রূপরেখা গণসমাবেশে তুলে ধরেন তিনি। রূপরেখার মধ্যে আছে, কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ এবং অভাবী পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা; নারী শিক্ষার অগ্রাধিকার এবং গ্রামীণ মা ও শিশুদের চিকিৎসায় বিশেষ ‘হেল্প ডেস্ক’ চালুর প্রতিশ্রুতি; ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপন, বন্ধ বিমানবন্দর সচল করা, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং এ অঞ্চলের চাল শিল্পকে আধুনিকায়ন করা।

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আরো বক্তব্য দেন আসাদুল হাবিব দুলু, ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী ডা. আবদুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *