কুমিল্লায় দুর্ঘটনার কবলে পড়া সোনার বাংলা ট্রেনে যাত্রী ছিলেন ৫৮৪ জন

নিউজ ডেস্ক::

কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে দুর্ঘটনার কবলে পড়া সেই ‘সোনার বাংলা’ এক্সপ্রেস ট্রেনে যাত্রী ছিলেন ৫৮৪ জন। এ ট্রেনে বগি ছিল মোট ১৪টি।রোববার বিকাল ৫টায় চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি যাত্রী নিয়ে ছেড়ে যায়।

চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৫টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছাড়ে। রাত ১২টা ১০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছানোর কথা ছিল। ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকায় যেতে পাঁচ ঘণ্টা ৪০ মিনিট সময় লাগে। ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়ার পর কেবল ঢাকার বিমানবন্দর স্টেশনে থামে।

তিনি আরও বলেন, সোনার বাংলা এক্সপ্রেসের পর ৫টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যায় মেঘনা এক্সপ্রেস। দুর্ঘটনার কারণে সেটি ফেনীতে আটকা পড়ে আছে। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি রাত ৮টা ৪৫ মিনিটে চট্টগ্রাম পৌঁছার কথা ছিল। দুর্ঘটনার কারণে এ ট্রেনটি কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় আটকা পড়ে আছে। দুর্ঘটনার কবলে পড়া বগি লাইন থেকে সরানোর পর এ ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

জানা গেছে, কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলওয়ে স্টেশনে‌ সন্ধ্যা পৌনে ৭টার দিকে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনকে ধাক্কা দিয়ে উল্টে গেছে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। এতে যাত্রীবাহী সোনার বাংলা এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৪০ জন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *