নিউজ ডেস্ক:: গাজীপুরে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করেছে পুলিশ। এ সময় সংঘবদ্ধ বন্যপ্রাণী পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেড কোয়ার্টার্সের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার আউটপাড়া এলাকা থেকে তক্ষকটি উদ্ধারসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতর হলেন- ময়মনসিংহ কোতোয়ালি থানার বলাশপুর গ্রামের মহরম আলীর ছেলে গাজীপুর মহানগরীর বাসন থানার আউটপাড়া এলাকার বাছির মণ্ডলের বাড়ির ভাড়াটিয়া মাসুদ রানা (৫৩), চুয়াডাঙ্গা জেলার জীবনগর থানার আ. মোতালেবের ছেলে এবং গাজীপুর মহানগরীর সদর থানার টেক কাথোরা এলাকার কাইলা মিয়ার বাড়ির ভাড়াটিয়া ইদ্রিস আলী (৪৮), নোয়াখালী জেলা ও থানার শিবপুর গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়া এলাকার বাসিন্দা শাহিন আলম (৪২)।
এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবু তোরফ মোহাম্মদ সামসুর রহমান জানান, তক্ষক বিক্রয়ের উদ্দেশ্যে বিদেশে পাচারের জন্য কতিপয় পাচারকারী বাসন থানার আউটপাড়া এলাকায় অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে জনৈক সিদ্দিক হাজীর ফার্নিচারের দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় একটি তক্ষকসহ তিনজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবত চট্টগ্রাম থেকে এনে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় কৌশলে তক্ষক পাচার করে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায় তারা একটি সংঘবদ্ধ বন্যপ্রাণী পাচারকারী দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবত প্রাণী সংগ্রহ করে তাদের কাছে রেখে পরবর্তীতে পাচার করত। পাচারকারী চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় মামলা হয়েছে।


