নিউজ ডেস্ক:: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের কারণে পায়রাসহ চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এদিকে লঘুচাপের প্রভাবে মঙ্গলবার পটুয়াখালীর রাঙ্গাবালীতে কয়েক দফান থেমে থেমে বৃষ্টি হয়েছে। বৃষ্টির আগে ও পরে বেশ কয়েকবার হালকা বাতাস বয়ে গেছে।
এ বৃষ্টি চলে যাওয়ার পরপরই রোদ ওঠে। আবার রোদ মিলিয়ে মেঘলা ভাব বিরাজ করে। এভাবেই গত দুইদিন ধরে কখনো রোদ, কখনো বৃষ্টি ঝরছে উপকূলীয় এ এলাকায়।
জেলেরা জানান, লঘুচাপের কারণে সাগর উত্তাল হয়ে ওঠায় অনেক জেলে ট্রলার উপকূলের কাছাকাছি এসে অবস্থান করছে। তবে এখনও কিছুসংখ্যক ট্রলার সাগরে অবস্থান করে মাছ শিকার করছে বলে জানা গেছে।
রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া এলাকার মৎস্য ব্যবসায়ী স্বপন সাহা বলেন, আর মাত্র দুইদিন পরই মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হবে। জেলেরা যখন মাছ পাচ্ছিল, ঠিক তখনই লঘুচাপের কারণে সাগর উত্তাল হয়ে ওঠে। তাই এখন নিষেধাজ্ঞা শুরুর আগেই সাগর থেকে ফিরতে হবে জেলেদের।


