রাস্তা থেকে তুলে নিয়ে বাসায় আটকে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: চট্টগ্রামের সাতকানিয়ায় মাদ্রাসায় যাওয়ার পথে সড়ক থেকে তুলে নিয়ে বাসায় আটকে রেখে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে তৌহিদুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে কালিয়াইশের মীরনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে ধর্ষণের শিকার ওই কিশোরীকে।

সোমবার সকালে ধর্ষণের শিকার ওই মাদ্রাসাছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে এ ঘটনায় মামলা করেন।

পুলিশ জানায়, গত ১০ জানুয়ারি মাদ্রাসায় যেতে বাড়ি থেকে বের হয় মাদ্রাসার ১০ শ্রেণির এক শিক্ষার্থী। মাদ্রাসার সময় পেরিয়ে যাওয়ার দীর্ঘক্ষণ পরে কোথাও তার খোঁজ না পেয়ে তার চাচা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

নিখোঁজ ডায়েরির সূত্র ধরে ওই শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ তৎপরতা শুরু করে। একপর্যায়ে ১৬ জানুয়ারি পুলিশ কালিয়াইশের মীরনগর এলাকার একটি ভাড়া বাসায় তাদের অবস্থান শনাক্ত করেন। পরে অভিযান চালিয়ে সেখান থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে অভিযুক্ত যুবককে আটক করে।

উদ্ধারের পর ওই শিক্ষার্থী জানায়, তাকে ওই বাসায় আটকে রেখে জোর করে ধর্ষণ করা হয়েছে।

সাতকানিয়া থানার ওসি আবদুল জলিল জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত যুবককে আদালতে পাঠানো হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *